সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৪ মার্চ) বিকেলে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের খামারগ্রাম ডিগ্রি কলেজ মাঠের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল জলিল (৩৮) এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের আবু সাইদের ছেলে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে চারটি মোটরসাইকেল ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার এনায়েতপুর থানার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছিল।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খামারগ্রাম ডিগ্রি কলেজের সামনের রাস্তা থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি সংঘর্ষে মারা গেছেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

এমবি