কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিখোঁজের ১দিন পর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাক্সবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আসিফ হোসেনের (১৪)।
সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারার ধরমপুর গ্রামের প্রতিবেশী মিশুক আলীর বাড়ি থেকে এই লাশ উদ্ধার হয়।
নিহত আসিফ ধরমপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।
আসিফের পরিবার ও পুলিশ জানায়, রোববার (০২ ডিসেম্বর) বেলা ১১টায় বাড়ি থেকে বের হয় আসিফ। বিকেল হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করা হয়। আসিফকে না পেয়ে তার বাবা কুতুব উদ্দিন বিষয়টি ভেড়ামারা থানায় অবহিত করেন। এরপর কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী বিভিন্ন সূত্র ও তথ্যের ভিত্তিতে মিশুক আলীর বাড়ির ঘরে কাঠের বাক্সের মধ্য থেকে আসিফের লাশ উদ্ধার করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) তানভীর আরাফাত জানান, আসিফকে গলায় তার পেচিয়ে হত্যা করে ঘরের ভেতর কাঠের বাক্সে লুকিয়ে রাখা হয়েছিল। প্রযুক্তি ব্যবহার করে তার লাশ উদ্ধার করা হয়েছে। মূল ঘাতক মিশুক নামের ওই ব্যক্তিকে ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।
এমবি





