ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে ১৬টি ইউনিয়ন যুক্ত করেছে সরকার। আর এর ফলে বর্তমানের চেয়ে ঢাকা মহানগরীর আয়তন দ্বিগুণ হচ্ছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সংক্রান্ত প্রস্তাব পাস হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ১৬টি ইউনিয়নকে ঢাকা মহানগরের সঙ্গে মার্জ করে দেয়া হয়েছে।

এর মধ্যে আটটি ইউনিয়ন উত্তরে ও আটটি ইউনিয়ন দক্ষিণে যুক্ত করা হয়েছে। ঢাকা উত্তরে যুক্ত হওয়া ইউনিয়নগুলো হলো বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।

আর ঢাকা দক্ষিণে যুক্ত হয়েছে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।

শফিউল আলম জানান, ১৬টি ইউনিয়ন যুক্ত হওয়ায় ঢাকা মহানগরের আয়তন ১২৯ বর্গ কিলোমিটারের থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হবে।

এসএম