ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ সা’দ কান্ধলভি’র বাংলাদেশে আসার প্রতিবাদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করছেন বাংলাদেশ তবলিগ জামাতের একাংশ ও কওমি আলেমদের একাংশ।

আজ (বুধবার) সকাল ৯টা থেকেই তারা বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।

মাওলানা সা’দ বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশে আসছেন- এমন খবর ছড়িয়ে পড়লে তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা। এতে করে বিমানবন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর থানার ওসি নূর এ আজম জানান, মাওলানা সাদের ঢাকা পৌঁছানোর কথা বুধবার দুপুরের পর। তার আসার প্রতিবাদে তাবলিগ জামাতের একটি অংশ সকাল ৯টার পর থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

“উনার আসা নিয়ে তাবলিগ জামাতে দুটি গ্রুপ হয়েছে। একটি গ্রুপ তার আসার বিরোধিতা করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

ভারতের মাওলানা সাদ নানা বিতর্কিত মন্তব্য করে আলেমদের তোপের মুখে পড়েন। ‘তবলিগ করা ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না’ এমন মন্তব্য করায় তার বিরুদ্ধে অবস্থান নেয় ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। তারা মাওলানা সাদকে এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার না করে পাল্টা যুক্তি দেন। এ নিয়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে, দেওবন্দ মাদ্রাসার অনুসারী বাংলাদেশের আলেমরাও তার বিরুদ্ধে অবস্থান নেন। তারা তাকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসতে না দেয়ার সিদ্ধান্ত নেন। তবলিগ জামাতের বাংলাদেশ শাখার ১১ শূরা সদস্যের মধ্যে ৬জনই আলেমদের এ সিদ্ধান্তকে সমর্থন করেন।

গেল ৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলেমরা সাক্ষাৎ করে মাওলানা সাদের ঢাকা সফরের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান।

এ বছর ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৪ জানুয়ারি ও দ্বিতীয় দফায় ২১ জানুয়ারি আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এমবি