সিলেটে দুই লাখ টাকা ছিনতাইকালে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে জনতা। নগরীর জিন্দাবাজার বারুতখানা পয়েন্টে সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক শরীফ রানা সিলেট জেলা পুলিশের মোটরযান শাখার কনস্টেবল।
ছিনতাইয়ের শিকার তামান্না আকতার কলি নগরীর ধোপাদিঘীরপাড় আল ফালাহ্ টাওয়ারের বাসিন্দা আনসার আলীর মেয়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ জানান, দুপুর দেড়টার দিকে বারুতখানা পয়েন্টে এক যুবককে আটক করে জনতা। পরে পুলিশ তাকে থানায় নিয়ে গেলে শরীফ রানা নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। খোঁজ নিয়ে জানা যায়, সে জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল।
ছিনতাইয়ের শিকার নারীর বরাত দিয়ে ওসি জানান, দুপুর পৌনে ১২ টায় কলি ২ লাখ টাকা নিয়ে তার ভাইয়ের সঙ্গে বারুতখানা ডাচ বাংলা ব্যাংকে যান। ব্যাংক থেকে আরও ৬ লাখ ৯০ হাজার টাকা তুলে জিন্দাবাজার ব্রাক ব্যাংকে জমা করার উদ্দেশ্য রওয়ানা দেন।
বারুতখানা পয়েন্টে এসে পৌঁছলে একটি মোটরসাইকেল এসে তাদের গতিরোধ করে। একটি ব্যাগে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের জনতা এগিয়ে আসলে ছিনতাইকারী পুলিশ দৌঁড় দেয়। পালানোর সময় আশেপাশের সিকিউরিটি গার্ড ও জনতা তাকে ধরে ফেলে। গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ওসি আরও জানান, ছিনতাইয়ের অভিযোগে আটক কনস্টেবল শরীফ রানাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এমএইচ





