রাজধানীর বেইলি রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা মোস্তাফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বজনার জানিয়েছেন, ১৪ দিন আগে কুষ্টিয়া থেকে 'নিখোঁজ' হন মোস্তাফিজ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে মোস্তাফিজুর বেইলি রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন তিনি।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজ।
হাসপাতাল সূত্র জানায়, তার পকেটে থাকা মোবাইল ফোনের কল লিস্টে ফোন দিয়ে আরিফুল ইসলাম নামে একজনকে পাওয়া যায়। তিনি মোস্তাফিজকে তার ভাই বলে পরিচয় দেন।
আরিফুল জানান, তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার ভাইয়ের মানসিক সমস্যা ছিল। ১৪ দিন আগে মোস্তাফিজুর গ্রামের বাড়ি থেকে বের হন। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না।
নিহত মোস্তাফিজুরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
সকালে তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মোস্তাফিজুরের লাশ শনাক্ত করে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি





