রাজশাহীর গোদাগাড়ীতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে আনারুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আনারুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কোটাপাড়া গ্রামের একরামুল হকের ছেলে ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্বীকারোক্তি দিয়েছে।
বিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপস অফিসার ও সহকারি পরিচালক এএইচ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার বিকালে বলেন, দুপুর দেড়টার দিকে উপজেলার রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মাহিন্দ্র গাড়িতে অভিযান চালায় বিজিবি ও পুলিশের একটি যৌথদল।
এ সময় আনারুলকে তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি রাজশাহী নগরীতে নাশকতার কাজে ব্যবহারের জন্য পৌছে দেয়া হচ্ছিল বলে সে জানায়। পরে আনারুলকে গোদাগাড়ী মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
কেএইচ





