যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যা মামলায় ছাত্রলীগের ১১ নেতাকর্মীদের আসামি করায় বেনাপোল পোর্ট থানা ঘেরাও করেছে বেনাপোল ও শার্শা ছাত্রলীগ।

শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করেন। এসময় তারা থানা চত্বরে অবস্থান নেন। দলীয় নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান লিটন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান আরিফ, বেনাপোল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউদ্দিন আশু, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটো, বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মুকুল হোসাইন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

এ ব্যাপার বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে ছাত্রলীগ মিছিল সহকারে থানা ত্যাগ করে।
সোমবার দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগকর্মী রিয়াদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় যবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানসহ ১১ জনের নাম উল্লেখ করে যশোর কতোয়ালি থানায় হত্যা করা হয়। নিহত রিয়াদের মামা রফিকুল ইসলাম রাজু বাদি হয়ে এই মামলা করেন।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই