বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন রাজধানীর লালবাগ এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

জামায়াতে ইসলামী লালবাগ থানার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও লালবাগ থানা আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শামিমুল বারী’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালবাগ থানা সেক্রেটারি মোঃ আব্দুল ওয়াহাব সহ থানা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড সভাপতিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, দেশের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাপনে বেশ কষ্টকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এমতাবস্থায় এসব শীতার্ত অসহায় মানুষের কল্যাণে সকলের এগিয়ে আসা উচিৎ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটি কল্যাণকামী আদর্শবাদী সংগঠন হিসেবে সীমিত পরিসরে হলেও আমরা বিভিন্ন স্থানে সাহায্য সহযোগিতার কাজ চলমান রেখেছি। আগামী দিনেও আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে। সেই সাথে তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদের সহযোগিতার মানসিকতা নিয়ে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, বাংলাদেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। স্বাধীন দেশের নাগরিকগণ হিসেবে জনগণ কোন তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত। দূর্ণীতি, লুটপাট ও অপশাসনের মাধ্যমে দেশকে তাবেদারী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন বছর ২০২১ সালে আত্মত্যাগের শপথে উদ্দীপ্ত হয়ে দেশ গঠনের কাজে সকল নাগরিকদের এগিয়ে আসা এখন সময়ের দাবী। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি

এএস