দৈনিক ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আকতার-উল আলমের মেয়ে ফাহমিদা আক্তার (৪৫) এর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর রামপুরা থানাধীন মহানগর প্রজেক্ট এলাকার ৫ নম্বর রোডের ১০৫ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফাহমিদা আক্তার দৈনিক ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত আকতার-উল আলমের মেয়ে। নিহতের স্বামীর নাম গোলাম রব্বানী। তিনি বাহরাইন দূতাবাসের কর্মকর্তা। তার ছেলের নাম সিরাতুন মোস্তাকিন। সে আমেরিকা প্রবাসী।

তিনি আরো জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মহানগর গোয়েন্দা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা আসলে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে বিস্তারিত বলা যাবে বলে জানান রামপুরা থানার ওসি।

জেএ