কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা হরতাল পালনের সময় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে জোটের নেতা-কর্মীদের সংঘর্ষের সৃষ্টি হয়।

এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদল ভেবে ডিবি পুলিশের কনস্টেবল আমিনুল ইসলামকে কুপিয়ে জখম করে এবং বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির কুমিল্লা প্রতিনিধিকে মারধর করে।

কনস্টেবল আমিনুলকে বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় জোট নেতাকর্মীদের মধ্যে প্রায় ১০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ সৃষ্টি হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংঘর্ষে ডিবির এক কনস্টেবলসহ প্রায় ১০ জনের মত আহত হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘ব্যস্ত আছি। পরে ফোন দেন।’ পরিস্থিতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখন মোটামুটি নিয়ন্ত্রণে।

জেএ