স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাবলিগ জামাতের নেতৃত্বের মধ্যে যে বিরোধ চলে আসছিল ইতোমধ্যেই সেটার মীমাংসা হয়েছে। ঐক্যবদ্ধভাবে ১৫, ১৬, ১৮ ফেব্রুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি চলছে।
আজ (৩ ফেব্রুয়ারি) রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন।
বৈঠক শেষে আসাদুজ্জামান খান কামাল জানান, তাবলিগ জামাতের নেতৃত্বের মধ্যে যে বিরোধ চলে আসছিল সেটার মীমাংসা হয়েছে। ঐক্যবদ্ধভাবে ১৫, ১৬, ১৮ ফেব্রুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, গাজীপুরের মেয়র, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে টঙ্গীর তুরাগ নদের তীরে মাঠ তৈরি’সহ সামগ্রিক কার্যক্রম শুরু করা হবে।
মীমাংসার পর প্রস্তুতিমূলক সভা করতে এতো সময় কেন লাগলো- সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠে কে ইমামতি করবেন, কে নেতৃত্ব দেবেন, সেসব খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষ মিলে যাতে সুন্দরভাবে ইজতেমা শেষ করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সারা পৃথিবীতেই তাবলিগ জামাতের মধ্যে এখন দ্বিমত রয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এসব বিষয় সমাধানের জন্য ধর্ম প্রতিমন্ত্রী তাবলিগ জামাতের দুপক্ষের দু’জন করে ৪ জন মুরব্বির সমন্বয়ে আলোচনায় বসবেন। এ বৈঠক আজ দুপুরেই সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের আইজি, র্যাবের ডিজিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা যে যা-ই বলি আমাদের সবার কথাই এক। সেটা হলো, তাবলীগ জামাতের দুটি পক্ষ আছে। দীর্ঘ প্রক্রিয়ার পর একসঙ্গে ইজতেমাটা হবে- এ সিদ্ধান্ত উনারাই নিয়েছেন। সরকারের দায়িত্ব হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা-গোলোযোগ ছাড়া যাতে ইজতেমা শেষ হয়, সে লক্ষ্যে কাজ করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা।”
ধর্মমন্ত্রী বলেন,“আজকের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে। তারপরও ইজতেমা পরিচালনায় খুঁটিনাটি কিছু বিষয় থেকে যায়। যেমন- কে ইজতেমার নেতৃত্ব দেবে, কে ইমামতি করবেন, কে মোনাজাত করাবেন- এসব বিষয়ে দুপক্ষ বসে আলোচনা করবেন। আমরা দুপক্ষকে দায়িত্ব দিয়েছি, তারা বসে সিদ্ধান্ত জানাবেন।”
এমবি





