ট্রেন থেকে লাফিয়ে পালিয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি। তার নাম ফারুক ওরফে খোরশেদ (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে রামপুর ইউনিয়নে।
তিনি কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
সোমবার রাতে ট্রেনে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার পথে ধলা স্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে ট্রেনে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল খোরশেদকে। ঢাকা থেকে ময়মনসিংগামী কমিউটার ট্রেনটি ধলা রেলস্টেশনের কাছে পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলেন তিনি।
এ সময় সঙ্গে থাকা নায়েক শাহ আলম ও দু'জন পুলিশ কনস্টেবলকে ফাঁকি দিয়ে ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যান খোরশেদ।
পলাতক এই সাজাপ্রাপ্ত আসামির নামে ত্রিশাল থানায়ও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হারুন আর রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং ত্রিশাল থানার ওসি।
কমিটিকে আগামী মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ।
ওসি জানান, পলাতক ফারুক ওরফে খোরশেদকে গ্রেফতারে ত্রিশাল ও গফরগাঁও এলাকায় অভিযান চলছে।
এমবি





