রাজধানীর মিরপুরের সেনানিবাস এলাকায় ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। তার নাম আল আমিন (২৮)।

বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রেখেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিরপুরের সেনানিবাস এলাকায় নবনির্মিত ভবনের নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন আনসার সদস্য আলআমিন। বুধবার রাত দেড়টার দিকে একটি ইটবাহী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে সেনা সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার সময়ে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল-আমিন কিশোরগঞ্জের ইটনা থানার বড়হাতি গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

এমই