স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহন সেবা উবারকে নিরুৎসাহিত করা ঠিক হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে ‘নিরাপদ সড়ক চাই’ ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘উবারকে নিরুৎসাহিত করা হলে আমাদের গণপরিবহনের সংকট সৃষ্টি হবে। আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ। আবার ডিজিটাল বাংলাদেশে নতুন প্রযুক্তি এলে যদি নিরুৎসাহিত করি, তাহলে এটা দ্বিচারিতা। এটা স্ববিরোধী।’

কাদের বলেছেন, ‘রাজধানীতে স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্ভর ট্যাক্সি পরিবহনসেবা উবারের সঙ্গে সরকারের যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান অবশ্যই হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিএর সঙ্গে উবারের যে ঝামেলা তৈরি হয়েছিল, আমি এটা বন্ধ করেছি। এ ব্যাপারে আলাপ-আলোচনা করতে সিস্টেমের মধ্যে নিয়ে আসুন।’

এরইমধ্যে বিআরটিএ একদফা বৈঠক করেছে। এ ব্যাপারে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান অবশ্যই হবে ও আমি সেটা চাই বলেন কাদের।

এ সময় সেতুমন্ত্রী তার সমালোচনা বন্ধ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একসময় আমার অনেক সমালোচনা করেছেন। সমালোচনা বন্ধ করবেন না। আপনাদের সমালোচনা মুখে পড়েই আমি এতো উন্নয়ন করেছি।’

তিনি বলেন, ‘সড়ক নির্মাণ ও কাঠামো উন্নয়ন ও মেরামতে আমি যতটা সফল, সড়ক দুর্ঘটনা ঠেকানোর বিষয়ে ততটা সফলতা দাবি করতে পারি না। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো কিছু করেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে না। যতক্ষণ না আমরা নিজেরা সচেতন না হই। চালকদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। আমি এই সভা থেকে সারাদেশের চালকদের অনুরোধ করবো, তারা যেন খুব সচেতনতার সঙ্গে গাড়ি চালান। তাদেরকে বুঝতে হবে তাদের হাতে শত শত মানুষের জীবন।’

অনুষ্ঠানে ‘নিরাপর সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের দেশে আগের চেয়ে সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে। জাতিসংঘ তাদের এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নিরাপর সড়ক চাই-এর ভাইস চেয়ারম্যান রোটানিয়ান এহসানুক হক কামাল, অভিনেতা মিজু আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

জারিফ