সাতক্ষীরায় তফসিরুল কোরআন মাহফিলে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘মুক্তি কামনায় মোনাজাত’ করা ও ‘উস্কানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন যশোরের শার্শা উপজেলার ভবারবেড় এলাকার নুর মোহাম্মাদের ছেলে মাওলানা ইনামুল হাসান (২৫), পুরাতন সাতক্ষীরার নুর আলীর ছেলে জামায়াত নেতা কামরুল ইসলাম (৫২) ও সাতক্ষীরা সদরের বেলায়েত আলী মন্ডলের ছেলে শহীদুর রহমান (৫০)।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাতে রসুলপুরে একটি ওয়াজ মাহফিলের সমাপনী মোনাজাতে মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি কামনা করা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে বলে জানান তিনি।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়।
পরে ট্রাইব্যুনালের রায় পুনর্বহাল চেয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর খালাস চেয়ে সাঈদীও রায় পুনর্বিবেচনার আবেদন করেন।
ওএফ





