সাভার বলিয়াপুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার বলিয়াপুর বাসস্ট্যান্ডের অদূরে মধুমতি মডেল টাউনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

সাভার মডেল থানা পুলিশ জানায়, সকালে ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে জঙ্গলে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, দুই একদিন আগে ওই যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার জন্য জঙ্গলে ফেলে যায় দুর্বৃত্তরা। যুবকের পরনে ছিলো প্যান্ট ও শার্ট।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

কেএইচ