সিলেট-সুনামগঞ্জ সড়কের যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়ও অটোরিকশা চালক ও অপর এক যাত্রী আহত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারের কাছে বলাউরা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জালালাবাদ থানার ওসি আকতার হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়- সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বলাউরা বাজারের সামনের এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনাকবলিত অটোরিকশার পেছনের সিটে বসা দুইজন পুরুষ ও একজন নারী যাত্রী। আহত হন অটোরিকশা চালক ও তার পাশে বসা অপর এক যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেন এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধঘণ্টা বিক্ষোভের পর জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লোকজনকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়।

জেআই