ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার ৬ দিন পর বাকি তিন জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা।
সোনারচর, বয়ারচর ও বাতির খাল এলাকা থেকে পৃথকভাবে বুধবার দুপুরে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারেরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূলা গ্রামের নাছির মাঝির ছেলে সিরাজ (২৫), একই এলাকার বেলায়াতের ছেলে শরীফ (৪০) ও শাজাহান মিয়ার ছেলে রাজিব (২০)।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ খালিদ জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে ষষ্ঠ দিনের মতো কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি করে দুপুরের দিকে সোনারচর, বয়ারচর ও বাতির খাল এলাকা তিনটি লাশ উদ্ধার করে। উদ্ধার করা লাশ তজুমদ্দিন থানায় পাঠানো হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, থানায় নিয়ে এলে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুলজ্জামান জানান, নিহত জেলেদের প্রতিটি পরিবারকে দাফন বাবদ সরকারিভাবে ৫ হাজার টাকা ও পরে ৫০ হাজার করে টাকা প্রদান করা হবে।
প্রসঙ্গত, ২৯ জানুয়ারি মেঘনার সোনারচর এলাকায় মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ হন ভোলার তজুমদ্দিনের ৬ জেলে।
এএইচ





