নকল ও ভেজাল ওষুধ বন্ধ করা এবং এর প্রস্তুতকারক ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে গাজীপুর মহানগর ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সূত্র জানায়, সকালে মহানগরের চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ব্যবসায়ীরা। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ, ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা-গাজীপুর সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে স্থানীয় রহমান শপিং মলের সামনে সমিতির সভাপতি মোবারেক হোসেনের সভাপতিত্বে সমাবেশ করে তারা। এতে সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক মোফাজ্জাল হোসেনসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।
এসময় তারা সব রকম ভেজাল ওষুধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জেআই





