খুলনায় অনৈতিক কাজের দায়ে ৪ জন পুরুষ ও ৩ জন নারীকে কারাদন্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার বিকালে মহানগরীর কালিবাড়ি রোড এলাকায় জননী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ সাজা ও অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।

তিনি জানান, জননী হোটেলের ম্যানেজার ইসরাফিল শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, হোটেলের সহযোগী নান্নু হাওলাদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মিরাজ শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, মাওলা বক্সকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও আটক তিন নারীর প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে এই হোটেলে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিলেন।

অভিযান চলাকালে খুলনা সদর থানার সাব-ইন্সপেক্টর সৈয়দ মোশারেফ হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

কেএইচ