রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল (৫৭) গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গণি মন্ডল বুধবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে তার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী এসে তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য গুলি করে। দুর্বৃত্তের গুলি তার পেটে ঢুকে গেলে তিনি লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় গণি মন্ডলকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ওই হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোয়ালন্দ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলি তার পেটের মধ্যে আটকে রয়েছে।

আব্দুল গণি মন্ডল দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বরকত সরদার পাড়ার বাসিন্দা। তিনি ৪ নম্বর ওয়ার্ড থেকে একাধারে পাঁচবার নির্বাচিত ইউপি সদস্য ও একাধিকবারের ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

প্রাথমিক পর্যায় গুলি করার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে কুপিয়ে হত্যা চেষ্টা ও গণি মন্ডলকে গুলি করার ঘটনা একই সূত্রে গাঁথা।

উল্লেখ্য, চলতি ১৯ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে রহমান মন্ডলকে গেয়ালন্দ পৌর এলাকা থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। তখন তিনি কোনোমতে প্রাণে বেঁচে গেলেও বর্তমান তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। তবে রাজবাড়ী এডিশনাল পুলিশ সুপার শরিফুজ্জামান ঘটনাস্থল করেছেন।