সিলেট থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে সোমবার দুপুরে তাদের উদ্ধার করা হয়।
এর আগে ৭ অক্টোবর নগরীর কাজলশাহ এলাকার ৪৩/১নং বাসার বাসিন্দা দুলাল আহমদের তিন শিশু আছিয়া বেগম (১২), ছাদিয়া বেগম (৮) ও ইরহাম (৩) নিজ ঘর থেকে নিখোঁজ হয়। এ সময় তাদের সৎমা সেলিনা পাশের বাসায় বেড়াতে যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সোহেল আহমদ জানান, উদ্ধারের পর ওই তিন শিশুকে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় শিশুদের বাবা দুলাল ও তার সৎমা সেলিনার ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। এরই মধ্যে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করেছে।
তিনি জানান, সুনামগঞ্জের দোয়ারবাজার ইউপি চেয়ারম্যান আবদুল খালেক কোতয়ালী থানায় অবহিত করলে পুলিশ গিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শিশুরা নিজেরাই নিরুদ্দেশ হয়েছিল।
প্রসঙ্গত, ৭ অক্টোবর সন্ধ্যায় দুলাল আহমদের স্ত্রী সেলিনা বেগম ওই শিশুদের রেখে পাশের বাসায় বেড়াতে যান। এরপর তিনি বাসায় ফিরে দেখেন জিনিসপত্র এলোমেলো ও শিশুরা ঘরে নেই। পরদিন ৮ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
কেএইচ





