গাজীপুরে কলোনিতে আগুন লেগে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চারজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম সবজি ব্যবসায়ী সবেদ মিয়া (৭০)। আহতদের মধ্যে একজন তার নাতিও রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক ঈদগাহ সংলগ্ন ভোগড়া দক্ষিণপাড়া এলাকার শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় জরিনা বেগমের জমি ভাড়া নিয়ে স্বপন মিয়া নামের এক ব্যক্তি ৩২টি কক্ষ নির্মাণ করে শ্রমিক কলোনি গড়ে তোলেন।
নিহত সবেদ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ থানার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ সিরারপাড় এলাকার মৃত জাফর মুন্সির ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ও নিহতের ভাগ্নে জহিরুল ইসলাম জানান, রাত পৌনে ৯টার দিকে ভোগড়া দক্ষিণপাড়া এলাকার শ্রমিক কলোনির একটি কক্ষে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে।
এ সময় দগ্ধ হয়ে ঘুমন্ত সবেদ মিয়া মারা যান এবং তাঁর নাতি শিমুল (৮) দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আগুন নেভানোর কাজে অংশ নিয়ে স্থানীয় তিনজন আহত হন। তবে এ ঘটনার পর থেকে সবুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছে।
আগুনে কলোনির সব কটি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছিল এবং নিখোঁজের সন্ধান করছিল।
নিহতের ছেলে মিজানুর রহমান জানান, সবেদ মিয়া পার্শ্ববর্তী আড়তে সবজির ব্যবসা করতেন। ঘটনার সময় স্ত্রীকে দোকানে রেখে তিনি বিশ্রাম করতে বাসায় গিয়ে ঘুমিয়েছিলেন।
জেড





