পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সেক্রেটারি মাওলানা মোখলেছুর রহমানকে নিজ বাসা থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, ‘সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই মাওলানা মোখলেছুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সরকার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে মাওলানা মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মাওলানা মোখলেছুর রহমানের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা নেই। বিশেষ ক্ষমতা আইনের একটি পেন্ডিং মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে সরকার তাকে গ্রেফতার করে চালান দিয়েছে।

জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এভাবে জুলুম নির্যাতন করে জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যাবে না। এক দলীয় শাসন পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই সরকার দেশের জনগণের উপর স্বৈরাচারী শাসন চাপিয়ে দিয়েছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে মাওলানা মোখলেছুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি

এমআর