সাতক্ষীরা শহরে এক ব্যাংকার আব্দুল হাকিমের বাড়িতে ডাকাতি করে ১০ ভরি স্বর্ণের অলঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করেছে ডাকাতরা।এ সময় ডাকাতরা ওই ব্যাংকারের স্ত্রী-ছেলেকে কুপিয়ে আহত করে।

বৃহস্পতিবার গভীর রাতে শহরের রাজার বাগান কলেজ রোডের সরকারপাড়ায় আব্দুল হাকিমের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্যাংকার আব্দুল হাকিম জানান, রাতে ডাকাত দল পিস্তল ও রাম দা’সহ বিভিন্ন অস্ত্র নিয়ে গ্রিল কেটে তার বাড়িতে ঢোকে। তারা গুলি করার ভয় দেখিয়ে দরজা খুলে দিতে বললে তিনি দরজা খুলে দেন। পরে টাকা ও স্বর্ণ অলঙ্কার লুট করতে থাকলে তার স্ত্রী ফিরোজা ও ছেলে সুমন বাধা দেয়।

এ সময় তাদের দু’জনকে কুপিয়ে জখম করে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুটে নিয়ে চলে যায়। পরে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একের পর এক ডাকাতির ঘটনায় সাতক্ষীরা শহরে রাম দা বাহিনীর আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন কোনো না কোনো বাড়িতে হানা দিচ্ছে রাম দাসহ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ডাকাতরা। বাদ যায়নি ইংরেজি নববর্ষের প্রথম রাতও।

শহরের কাটিয়া সরকারপাড়ায় ইংরেজি নববর্ষের (১ জানুয়ারি) প্রথম রাতে ৫ বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ৪টি বাড়িতে ঢুকতে ব্যর্থ হলেও একটি বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা লুট করেছে তারা।

এ ঘটনাসহ ২০১৪ সালের ডিসেম্বর মাস জুড়ে জেলা শহরে কমপক্ষে ১৩টি বাড়িতে ডাকাতির ঘটনায় জনমনে রীতিমত ডাকাতি আতঙ্ক বিরাজ করছে।

ইআর