ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও ঘাড়ে চাপাতির আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সকালের দিকে পরমাণু শক্তি কমিশনের উল্টো দিকে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫-২৬। ধারণা করা হচ্ছে, বাহির থেকে মেরে কেউ লাশ এখানে ফেলে গেছে। নিহতের ঠিকানা জানা যায়নি।
এ ব্যাপারে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এআর





