ইরানের নিষিদ্ধ লেখক আলি দস্তির ‘বিশত ও সেহ সাল’ বা টোয়েন্টি-থ্রি ইয়ার্স : অ্যা স্ট্যাডি অব দ্য প্রফেটিক ক্যারিয়ার অব মুহাম্মাদ’-এর বাংলা অনুবাদ ‘নবী মুহাম্মাদের ২৩ বছর’ নামে বই প্রকাশ করার প্রতিবাদে সোমবার ১৬ ফেব্রুয়ারি বাংলাবাজারে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান রোদেলা প্রকাশনীকে নিষিদ্ধ এবং এর স্বত্বাধিকারী রিয়াজ খানকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা।
দুইশ কোটি মানুষের নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদ (সা.) ও ইসলামকে অবমাননা করে বই প্রকাশ করার প্রতিবাদে বেলা ১১টায় বাংলাবাজারের দোকান ও মালিক কর্মচারীরা দোকানপাট বন্ধ রাখে। পরে তারা বাংলাবাজারের ইসলামী টাওয়ারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বাংলাবাজারের অনেক প্রকাশনী অংশ নেয় এবং এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে। মিছিল পূর্ব সমাবেশে মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী হাবিবুর রহমান খান এবং আন-নূর পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম তারেক বক্তব্য রাখেন।
হাবিবুর রহমান খান তার বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা ১৫ উপলক্ষে ইসলামী টাওয়ারের দোতলায় অবস্থিত রোদেলা প্রকাশনী নবী মুহাম্মাদের ২৩ বছর নামে একটি অনুবাদ প্রকাশ করে। ওই বইয়ে ইসলামের ধর্মগ্রন্থ কোরআনুল কারিমকে কাল্পনিক আবিষ্কার, কোরআন মুহাম্মাদের জীবনের অভিজ্ঞতার প্রতিফলন, কোরআনের বিধি-বিধানে অসঙ্গতি এবং নবীজী (সা.)র পবিত্র স্ত্রীদের চরিত্র নিয়ে কালিমা লেপন করা হয়েছে। হজরত মুহাম্মাদ (সা.)র কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নয় ভূত আসতো বলে অভিযোগ করেছেন ইরানের নিষিদ্ধ ঘোষিত বইয়ের লেখক আলি দস্তি।’
তিনি অবিলম্বে বইয়ের সব কপি বাজেয়াপ্ত এবং রোদেলা প্রকাশনীকে নিষিদ্ধ, অভিযুক্ত মালিক রিয়াজ খানকে গ্রেপ্তার ও ফাঁসি, ইসলামী টাওয়ার থেকে তার দোকান উচ্ছেদ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশ বিক্রেতা সমিতি (বাপুস) সদস্যপদ বাতিল করার দাবি জানান।
মিছিলে বাংলাবাজারের ইসলামী টাওয়ার থেকে বাপুস কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটনের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে রোদেলা প্রকাশনী ও একই অভিযোগে অভিযুক্ত সদর প্রকাশনীকে নিষিদ্ধ ও দোষী রিয়াজ খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পরে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বাপুস সভাপতি আলমগীর সিকদার লোটন বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। মোসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাতহানার কারণে অচিরেই পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
বক্তব্যে ইসলামী টাওয়ারের মালিক শহীদুল হক মল্লিক তখন রোদেলা প্রকাশনীর দোকানের বরাদ্দ বাতিল বলে ঘোষণা করেন। এছাড়া আরো বক্তব্য দেন বাপুসের রাজধানী শাখার সেক্রেটারি আরিফ হোসেন ছোটন ও বাপুস নেতারা।
জেআই





