সিলেটের কানাইঘাট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খোকনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইসলাম উদ্দিনের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
সিলেট জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম জানান, মনোনয়নপত্রে শনাক্তকারীর স্বাক্ষর না থাকায় সিরাজুল ইসলাম খোকন এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলাম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার মনোনয়ন যাচাই-বাছাইকালে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান (স্বতন্ত্র), বিএনপিদলীয় প্রার্থী কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা, জামায়াত নেতা এ কে এম অলিউল্লাহ (স্বতন্ত্র), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাসদের প্রার্থী তাজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী সোহেল আমিন এবং প্রবাসী সুলতান আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার।
এমকে





