ময়মনসিংহ-নেত্রকোনো সড়কের শম্ভুগঞ্জ রঘুরামপুর নামক স্থানে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৪ জন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- অটোরিকশাচালক হারুণউর রশিদ (২৫) ময়মনসিংহ সদর উপজেলার শাহাবাজপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। এহেসান আলী (৪৫) মোজাহারদি এলাকার সাবদুল মিয়ার ছেলে, একই এলাকার শাকিল (১৬) আবুল কাশেমের ছেলে। শাকিল এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এদিকে এ ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনো সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয়পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।

ময়মনসিংহ জেলা কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম সারওয়ার জানান, নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে একটি বাস ময়মনসিংহে আসছিল। পথে ময়মনসিংহ-নেত্রকোনো সড়কের শম্ভুগঞ্জ রঘুরামপুর নামক স্থানে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক হারুণউর রশিদসহ দুই জন নিহত হন।

পরে আহত পাঁচ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ