চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ। নির্বাচনে মোবাইল ফোন প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ১১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১১৭ ভোট। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।

নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ এনে অাজ রবিবার দুপুর ১টার দিকে শফিকুর রহমান ভূঁইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ১৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। তবে কিছু কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা গোলযোগ ও অপ্রীতিকর ঘটনা ঘটালে ওইসব কেন্দ্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের নির্দেশে সাময়িক ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

চাঁদপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কোথাও কোথাও কাউন্সিলর প্রার্থীদের গোলযোগের কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে যথারীতি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ বছর নির্বাচনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ৪৯টি ভোটকেন্দ্রে ১ লাখ ১ হাজার ১২২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৩৪০ জন ও মহিলা ৪৯ হাজার ৭৮২ জন। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০০৫ সালের ২৮ ডিসেম্বর সর্বশেষ চাঁদপুর পৌরসভায় নির্বাচন হয়। ওই নির্বাচনে নাছির উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন।

জেআই