গাজীপুরে ভুয়া মেজরসহ প্রতারকচক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও সেনাবাহিনী সদর দফতরের সিল সম্বলিত একটি নিয়োগপত্র জব্দ করা হয়েছে।
বুধবার বিকালে রাজধানীর খিলক্ষেত ও গাজীপুরের রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাদের পরিচয় জানাতে পারেনি র্যাব।
র্যাব-১ এর অপারেশন অফিসার মো. মুহিত কবির বলেন, অভিযোগের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এবং গাজীপুরের রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে একজন ভুয়া মেজরসহ ৬ প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনী সদর দফতরের সিল সম্বলিত একটি নিয়োগপত্র জব্দ করা হয়। চক্রটি এই ভুয়া নিয়োগপত্র দিয়ে এক চাকরি প্রত্যাশীর কাছে থেকে তিন লাখ টাকা নেয়।
তিনি জানান, চক্রটি সেনাবাহিনীসহ বিভিন্ন চাকরিপ্রত্যাশী সহজ সরল লোকদের টার্গেট করে এবং তাদের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে চাকরিপ্রত্যাশীদের ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিয়ে তারা গা ঢাকা দেয়।
কেএইচ





