মানিকগঞ্জে দ্বিতীয় দিনের মতো জঙ্গিবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।ভোর থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, আর্মড পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ২০০ সদস্যের সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে

বুধবার ভোর থেকে জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর, ধূলসুড়া, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়।তাবে অভিযানে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, সারা দেশে, বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ ও আস্তানা রয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব দিয়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানের চরাঞ্চলে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যমুনা নদীর দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাঁচামরা, চরকাটারি ও জিয়নপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে যৌথ বাহিনী অভিযান চালায়। আজ দ্বিতীয় দিন বুধবার ভোর ৬টা থেকে তাঁরই নেতৃত্বে হরিরামপুরের ওই চারটি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে।

এসপি জানান, যৌথ বাহিনীর কয়েকটি দল পৃথকভাবে এ অভিযান চালাচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, এই অভিযানের অগ্রগতি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল জেলায় যৌথ বাহিনীর অভিযানে সন্দেহভাজন পাঁচ সন্দেহভাজনকে আটক হয়।

এমবিএইচ