করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে চীন এবং চীন থেকে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সাময়িক স্থগিত করার চিন্তা করছে সরকার। ২৮ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমনই ইঙ্গিত দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ কারণে আগামী ২৮ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু চীন-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর। দেশের বহুসংখ্যক মানুষ ব্যবসা-বাণিজ্য এবং পড়ালেখার কারণে চীনে বসবাস করছে। এই ভাইরাস যেকোন উপায়ে দেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই এটি প্রতিরোধে করণীয় সম্ভাব্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এএস