“রেড সিগন্যাল- ...বাচ্চা ইউএনও নুরুজ্জামান। তোমার ফ্যামিলি নিয়ে সড়ক ও নদী পথে নানিয়ারচর আসবে না। যদি ভুল করেও আসো তাহলে এ্যাটাক। মাত্র একটি বুলেট খরচ করবো তোমার জন্য, যেকোনো সময়। পারলে বদলী হয়ে যাও। নাহলে তোমার দুইটি বাচ্চা, অথবা তুমি নিজে না হয় তোমার বউকে আমরা দুনিয়া থেকে বদলী করবো ?।”

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে এসএমএস এর মাধ্যমে এভাবেই প্রাণনাশের হুমকি দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

তবে ইউএনও পাহাড়িদের এই হুমকিতে ভীত নন। তিনি জানিয়েছেন,তার কাছে দেশের জন্য কর্তব্যই বড়। প্রাণনাশের ভয় তিনি করেন না।

গত ২৮ ডিসেম্বর রোববার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের নানিয়ারচরের বগাছড়ির ১৪ মাইল এলাকা সফরকালে পাহাড়ি নারীদের একটি গ্রুপ ইউএনও নুরুজ্জামানের উপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছিলো।

এই হামলার ঘটনা ঘটান পাহাড়ি নারীদের নেত্রী ও ইউপি মেম্বার কাজলী ত্রিপুরা ও তার সঙ্গী অপর কয়েকজন পাহাড়ি নারী।

এই ঘটনায় ইউএনও বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. রশিদ চৌধুরী। তিনি জানান, থানার এসআই শাহজাহান এই ব্যাপারটি তদন্ত করছে।

এ ব্যাপারে জানতে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান এসএমএস এর মাধ্যমে তাকে হুমকি দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আমি প্রজাতন্ত্রের কর্মচারি, দেশের প্রয়োজনে নিজের প্রাণ দিতে কার্পন্য করবো না। আমি প্রাণ নাশের হুমকিতে ভয় পাচ্ছি না। আমি বর্তমানে আমার কর্মস্থলেই অবস্থান করছি।

এদিকে এই ঘটনাটি নিয়ে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এই প্রতিবেদককে জানান, এব্যাপারে ইউএনও নুরুজ্জামান বাদি হয়ে জিডি করেছেন এবং যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় এগুচ্ছে বিষয়টি। আইন তার নিজস্ব গতিতেই চলবে বলেও জানিয়েছেন পাহাড়ি এই জেলায় সদ্যযোগদানকৃত জেলা প্রশাসক মো.সামসুল আরেফিন।

জেআই