বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে আজ মঙ্গলবার পতাকা বৈঠক।
সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের মংডু শহরে অভিবাসন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হওয়ার কথা।
মিয়ানমারে বিভিন্ন অপরাধে সাজা ভোগ করা ৩২ জন বাংলাদেশিকে ফেরত ও উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বৈঠকে অংশ নিতে আজ সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদল টেকনাফ সদর বিওপির (চৌকির) জেটি দিয়ে মিয়ানমারের মংডু শহরের উদ্দেশে রওনা দেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাকারিয়া। বেলা তিনটার দিকে প্রতিনিধিদলটির টেকনাফে ফেরার কথা রয়েছে।
মংডু শহরের উদ্দেশে রওনা দেওয়ার আগে আজ সকালে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে এ পতাকা বৈঠকটি শুরু হবে এবং মিয়ানমারের কারাগারে থাকা বিভিন্ন মেয়াদে সাজা শেষ হওয়া ৩২ জন বাংলাদেশিকে ফেরত দেওয়ার কথা।’
ঢাকা, ১৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





