যশোরে ব্যাংকের ভেতর থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রায়হান (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। শহরের এমকে রোডে পূবালী ব্যাংকের শাখায় সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। রায়হান শহরের বেজপাড়ায় মৎস্য অফিস এলাকার ইদ্রিস আলীর ছেলে।
কোতয়ালি থানার এসআই হিমায়েত হোসেন জানিয়েছেন, শহরের রবীন্দ্রনাথ রোডের রিপন ইঞ্জিনিয়ারিংয়ের কর্মচারী সবুর খান দুপুরে পূবালী ব্যাংকে এক লাখ টাকা জমা দিতে যান। কাউন্টারের সামনে টাকা বের করামাত্র রায়হান ওই টাকা নিয়ে ব্যাংকের দোতলা থেকে নিচে দ্রুত নামার চেষ্টা করেন। সে সময় সবুর খান ও ব্যাংকের একজন গার্ড তাকে আটক করে টাকা উদ্ধার করেন।
পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। তবে ঘটনার ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি বলে জানায় কোতয়ালি পুলিশ।
কেএইচ





