নবম সংসদের ২২২ ঘণ্টা ৩৬ মিনিট কোরাম সংকটে ১০৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল(টিআইবি)।
মঙ্গলবার দুপুরে নবম জাতীয় সংসদের কার্যক্রমের ওপর টিআইবি’র পর্যবেক্ষণমূলক গবেষণা প্রতিবেদন ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এই তথ্য প্রকাশ করা হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংসদ সদস্যরা নির্ধারিত সময়ের পরে সংসদের উপস্থিত হওয়ার কারণে কোরাম সংকট হয়। নবম সংসদের ১৯টি অধিবেশনে মোট ২২২ ঘণ্টা ৩৬ মিনিট কোরাম সংকটের কারণে অপচয় হয়েছে। যা প্রতি কার্যদিবসে গড়ে ৩২ মিনিট করে হয়।
সংসদ পরিচালনা করতে প্রতি মিনিটে গড়ে ৭৮ হাজার টাকা খরচ হওয়ার কারণে এই ২২২ ঘণ্টায় মোট অপচয় দাঁড়ায় ১০৪ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া সংসদ সদস্যদের তাদের নিজস্ব দায়িত্ব পালন না করে সংসদে এসে নামাজ কিংবা অন্য কাজে বের হওয়ার সময় হিসেব করলে এ অপচয় অনেক বৃদ্ধি পাবে।
প্রতিবেদনে আরও বলা হয়, নবম সংসদে আইন প্রণয়নে মোট সময়ের মাত্র আট ভাগ সময় ব্যয় করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন মাত্র তিন থেকে চার মিনিটের আলোচনায় পাস হয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শিগগিরই সব দলের অংশ গ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে যে ধরনের সংসদ থাকা উচিত, সে ধরনের সংসদ বহাল হবে। এই সময়টা হচ্ছে আজ থেকে পাঁচ বছরের মধ্যে যেকোনো দিন।
‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনটি তৈরি করেন টিআইবির গবেষক মোর্শেদা আক্তার ও জুলিয়েট রোজেটি। মূল প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবি’র গবেষণা ও পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার জুলিয়েট রোজেটি এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোরশেদা আক্তার।
সংবাদ সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান, উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক রফিকুল হাসান।
[b]ঢাকা, জেইউ, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এএইচ // এসএইচ[/b]