দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদের ভোট আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
হেলালুদ্দীন আহমদ জানান, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি এবং মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি।
হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশন দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করছে। ১২৯টি উপজেলায় দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণের তারিখ ১৮ মার্চ সোমবার।
ইসি সচিব বলেন, ১২৯টি উপজেলার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলা; রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ ও পাবনা; সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার সব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রামের যতগুলো উপজেলা আছে, সব স্থানে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেমন : সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব উপজেলায় ভোট হবে। আর কক্সবাজারের চকরিয়া ও নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট হবে।
হেলালুদ্দীন আহমদ আরো বলেন, সর্বমোট পাঁচটি বিভাগের ১৭টি জেলার ১২৯টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের কোনো উপজেলায় ইভিএম ব্যবহার করা হচ্ছে না। কারণ, উপজেলা নির্বাচনে ইভিএম সংযুক্ত করতে বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছি। ভেটিং হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত হবে।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে কি হবে না, তা কমিশন এখনো নির্ধারণ করেনি।
এএস





