খুলনা সার্কিট হাউস মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাইকেল গ্যারেজ ইজারা না দেয়ায় উদ্বোধনের পরের দিনই ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ভাঙচুর ও লুটপাট করেছে। শনিবার দুপুর ২টার দিকে মেলার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রত্যাক্ষদর্শিরা জানান, সাইকেল গ্যারেজ ইজারা নিয়ে মেলার কমপক্ষে ২০টি স্টল ভাঙচুর ও লুটপাট করেছে। মেলায় আসা দর্শনার্থীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইকেল গ্যারেজ, টিকিট কাউন্টারসহ আশপাশে ব্যাপক ভাঙচুর এবং দুই নিরাপত্তারক্ষীকে পিটিয়ে আহত করেছে বলে জানান তারা। পুলিশ জানায়, দুপুর ২টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বাণিজ্যমেলার গেটের কাছে হঠাৎ করে ভাঙচুর শুরু করে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, মেলার সাইকেল গ্যারেজ ইজারার জন্য এক লাখ টাকা দর উঠেছিল। কিন্তু গ্যারেজটি ৫০ হাজার টাকায় ইজারা চেয়েছিলেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেলের অনুসারীরা। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এতো কম মূল্যে গ্যারেজ ইজারা দিতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুর ২টায় ছাত্রলীগের নেতাকর্মীরা মেলায় ভাঙচুর এবং আয়োজকদের দুই নিরাপত্তা কর্মীকে মারধর করে চলে যায়।

ঘটনাস্থলে থাকা খুলনা থানা পুলিশের এএসআই কামরুজ্জামান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করেছে। তবে কী কারণে এবং কার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক বলেন, মেলা চালাচ্ছে যুবলীগ। ছাত্রলীগ যদি সেই মেলায় ভাঙচুর চালায় তাহলে মেলা বন্ধ করে দেয়া ছাড়া উপায় নেই।

ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, সাইকেল গ্যারেজ ইজারা নিতে ৪/৫টি গ্রুপ চেষ্টা চালাচ্ছে। তাদেরই একটি গ্রুপ ভাঙচুর করেছে।

মামুন/জেড