সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের আন্তঃজেলা বাস ধর্মঘট আহবান করেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সিলেট নগরীর কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের জোনাল অফিসে শুক্রবার রাতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার না করায় সোমবার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, হানিফ পরিবহনের সিলেট জোনাল অফিসে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু এ সময়ের মধ্যে প্রশাসন কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেয়নি। এ করণে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট সার্কিট হাউসে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন জেলা প্রশাসক জয়নাল আবেদিন। তিনি এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে সাতজন নিহত হন। এ ঘটনার পর ওইদিন রাত ২টার দিকে সিলেটে হানিফের জোনাল অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
কেএইচ





