কুষ্টিয়ার দৌলতপুরে অগ্রণী ব্যাংকের তালা ভেঙে চুরির চেষ্টাকালে ছোটন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ব্যাংকের সিন্দুক কক্ষের দেয়াল ভাঙার সময় তাকে আটক করা হয়।
সে উপজেলার রিফায়েতপুর সরকারপাড়া গ্রামের ইউনুচ আলী ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে চোর ছোটন উপজেলা সদরে অবস্থিত অগ্রণী ব্যাংক দৌলতপুর শাখায় চুরির করতে যায়।
ব্যাংকের প্রধান গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সিন্দুক কক্ষের দেয়াল ভাঙার সময় শব্দ শুনে বাজারের নৈশ প্রহরী সেখানে উপস্থিত হয়ে ছোটন নামে ওই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ তাকে থানা হাজতে নেয়। দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে ছোটনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক পাভেল জানান, অগ্রনী ব্যাংকের গেটের তালা ভেঙে চুরির চেষ্টাকালে একজন আটক হয়েছে। তবে ব্যাংকের কিছু চুরি হয়নি বলে ব্যাংক কতৃপক্ষ জানিয়েছেন।
এসএইচ





