সব আনুষ্ঠানিকতা শেষ হলে আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন।

গতকাল মঙ্গলবার দুপুরে সাজা স্থগিত করে বিএনপি নেত্রীকে মুক্তি দেওয়ার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এর পরই শুরু হয় আনুষ্ঠানিকতা।

এদিকে খালেদা জিয়া কোথায় উঠবেন, নিজের ভাড়া বাসা ‘ফিরোজা’য় নাকি কোনো আত্মীয়র বাসায় তা নিয়ে চলে জল্পনা কল্পনা। তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে বিএসএমএমইউ থেকে নিজ বাসভবন ফিরোজায় উঠবেন খালেদা জিয়া।

খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর ফিরোজায় উঠবেন বলে এরই মধ্যে গতকাল মঙ্গলবার পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত নিরাপত্তাও বাড়ানো হয়েছে ওই বাসভবনে।

খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা সিএসএফ সদস্যদের গতকাল থেকেই আবার কাজে যোগ দেওয়ার নির্দেশের পর থেকে তাঁরা ফিরোজা ভবনের সামনে দায়িত্ব পালন করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিয়োজিত থাকা একাধিক সদস্য এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, ‘ম্যাডাম ফিরোজা ভবনেই থাকবেন। এরই মধ্যে আমরাও কাজে যোগ দিয়েছি। বাসভবনও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার জানান, এখন পর্যন্ত সিদ্ধান্ত, ম্যাডাম নিজ বাসভবনেই থাকবেন।

এমআর