নারায়ণগঞ্জ নগর বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি ও জেলা বিএনপি কার্যালয়ে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের হামলার প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে তারা।

এসময় সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শহরের ডিআইটি বাণিজ্য এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টা থেকে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা। দুপুরের দিকে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে। এসময় মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ের রাস্তায় পুলিশ তাদের বাধা দিলে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ যুবদল কর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

অপরদিকে জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান রণির নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলে আসার চেষ্টা করলে পুলিশ তাদের ডায়মন্ড হলের সামনে থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনার পর পুলিশ বিএনপির দলীয় কার্যালয় ঘেরাও করে রাখে। পুলিশ তাদের রাস্তায় নামতে না দিয়ে দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করতে বললে নগর বিএনপির নেতারা কার্যালয়ে বারান্দায় দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক এটি এম কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, মহানগর শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল জানান, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি ও বৃহস্পতিবার যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নগর বিএনপি। কিন্তু সরকারের পেটুয়াবাহিনী পুলিশ কর্মসূচি পালন করতে দেয়নি। দলীয় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়।

জেআই