রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৪মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এইসব তথ্য জানিয়েছেন।

ডিউটি অফিসার রাসেল বলেন, দুপুর ১টা ২৪ মিনিটে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এর আগে গত বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের বারেকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরইমধ্যে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয় শতাধিক পরিবার।

এমবি