বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মৌলভীবাজারে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিলটি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার দুপুর আড়াইটার দিকে মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে চৌমোহনা চত্বর হয়ে পশ্চিমবাজার এলাকার এমবি ক্লথ স্টোরের সম্মুখে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ আড়াআড়িভাবে ভ্যানগাড়ি দাঁড় করে দেয় ও ব্যানার কেড়ে নেয় বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
এ সময় জেলা বিএনপি নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জলের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়।
এ সময় তাৎক্ষণিক বক্তব্যে মিজানুর রহমান মিজান অভিযোগ করেন, এ সরকার গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে তা প্রমাণ করছে।
জেআই





