নড়াইল সদর উপজেলার দূর্বাজুড়ী এলাকা হতে তরিকুল ইসলাম (২৪) নামে এক যুবলীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ আগষ্ট) ভোরে নড়াইল-যশোর সড়কের দূর্বাজুড়ী এলাকা হতে এ লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে নিহত তরিকুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তরিকুল বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি’র অন্যতম প্রভাবশালী সদস্য।
বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম জানান, তিনি তরিকুল এর সম্পর্কে কোন কিছুই জানেন না। তাই এ বিষয়ে কিছু বলতে পারবেন না। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, তরিকুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ দূর্বৃত্তরা তাকে তুলে এনে গুলি করে হত্যা করেছে।
হুমায়ুন কবীর/জেড





