সিলেট জঙ্গি হামলার পরিকল্পনার তথ্য পুলিশের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।

শনিবার সকালে সিলেট পুলিশ লাইনে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশ আয়োজিত জেলার আলেম ও মাশায়েখদের সঙ্গে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, সিলেটের বিভিন্ন মাজার সংলগ্ন মসজিদ, শিয়া সম্প্রদায়ের মসজিদ, ওয়াজ মাহফিল ও শুক্রবার জুমার নামাজের জামাত চলাকালে হামলার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের।

এসময় তিনি উল্লেখ করেন, জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে। তবে পুলিশের একার পক্ষে জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

ডিআইজি মিজানুর রহমান আরো বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। তাই ইসলামের নামে যারা সন্ত্রাস করে, তারা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত।

সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে ও সিনিয়র এসপি সুমন মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দীন ভুঁইয়া, ইসলামিক ফাউণ্ডেশন সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক ফরিদ উদ্দীন আহমদ, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু প্রমুখ। সভায় সিলেটের বিভিন্ন উপজেলার থেকে ইমামগণ যোগদান করেন।

এসএইচ