প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমাদের তার মর্যাদা দিতে হবে।
আপনারা নিশ্চয়ই দেখেছেন মন্ত্রিপরিষদ একটু নতুনভাবে ঢেলে সাজিয়েছি। কারণ আমরা চাই, আমাদের লক্ষ্যটা অর্জন করতে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে তিনি এ তাগিদ দেন। বৈঠকে এক হাজার ৮৯৩ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
নতুন মন্ত্রিসভা গঠনের পর একনেকের প্রথম এ বৈঠকের শুরুতেই টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা।
শুরুতেই শেখ হাসিনা বলেন, তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা যেন উন্নয়নের সুফল পায়, সেটি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ‘দেশের মানুষ সরকারকে যে গুরুদায়িত্ব দিয়েছে, তার সম্মান রাখতে হবে।’
চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা সরকারের মূল লক্ষ্য জানিয়ে প্রকল্পের কাজের সঠিক মান নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আর প্রকল্প বাছাই ও বাস্তবায়নে আরো যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। এসব প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আপনাদের সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কেননা, দেশের ওই সাধারণ মানুষগুলোই গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে।’
পরে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বৈঠকে এক হাজার ৮৯৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক, যার পুরোটাই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।
পরিকল্পনামন্ত্রী আরো জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৫ শংতাশ।
এএস





