কুষ্টিয়ার মিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তওহীদের ৪ সদস্য আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর প্রেসক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং ৩০৩ ব্লকের এবি সিদ্দিকীর ছেলে রাণা সিদ্দিকী (৩২), পুর্ব মজমপুর গ্রামের মৃত অরিউল্লাহর ছেলে হাবিবুল্লাহ (৩৩), হরিসংকরপুর গ্রামের দেলয়ার হোসেনের ছেলে উসমান গণি (৩০), হাউজিং সি ব্লকের আব্দুর রহিমের ছেলে এসএম মাহফুজুর রহমান (২৮)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে মিরপুর প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তি পত্রিকার কুষ্টিয়া অঞ্চলের প্রতিনিধিরা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় সকল ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনে বক্তব্য দেয় ও ভিডিও ফুটেজ দেখায়। সে সময় সাংবাদিকরা তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান উপস্থিত হয়ে ভিডিও ফুটেজটি দেখে তাদের গ্রেফতার করার নির্দেশ দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে কিছু লিফলেট জব্দ করা হয়।
ইআর





